ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে পারিবারিক কলহের জেরে নাছিমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী বেলাল হোসেন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার ভোরে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে সকালে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
এর আগে রোববার বিকেলে স্বামীর বাড়ির পাশের ডোবায় অর্ধ ডুবন্ত অবস্থায় নাছিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরপর ওই দিন নিহত গৃহবধূর বড় ভাই আব্দুল হাকিম (৪৮) বাদি হয়ে বেলাল হোসেনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিব জানান, উপজেলার পাথরডুবি ইউনিয়নের মৃত আব্দুর রহমানের কন্যা নাছিমা বেগমের সাথে পার্শ্ববর্তী শিলখুঁড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত কাশেম আলীর পুত্র বেলাল হোসেনের ২৬ বছর আগে বিয়ে হয়। তাদের ২৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এ অবস্থায় রোববার সকালে বাড়ির পাশের ডোবায় নাছিমা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, নিহতের গলা চেপে ধরার দাগ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *