পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের একটি গ্রামে ফসলের খেতে দৌড়াদৌড়ি করা একটি শজারুকে ধরে আটকে রাখেন গ্রামবাসী। পরে বন বিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান।
আজ বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে একটি ফসলের খেতে গায়ে লম্বা লম্বা কাঁটাযুক্ত একটি প্রাণী দৌড়াতে দেখে গ্রামের লোকজন জড়ো হন। প্রথমে প্রাণীটি কী—তা বুঝতে না পারলেও তাড়া করে ধরে ফেলেন তাঁরা। পরে একটি বাঁশের তৈরি ঝাঁপির (খাঁচা) নিচে প্রাণীটিকে আটকে রাখা হয়। পরে এটি শজারু বলে শনাক্ত হলে বন বিভাগকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক নুর হাসান বলেন,
“সকাল আটটার দিকে দাঁত ব্রাশ করতে করতে বাড়ির বাইরে হাঁটছিলাম। এ সময় পাশের একটি ফসলের খেত দিয়ে কাঁটাযুক্ত প্রাণীটিকে দৌড়াতে দেখি। আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে কয়েকজন এসে এটিকে ধরার চেষ্টা করেন। পরে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে প্রাণীটিকে ধরে ফেলেন। বন বিভাগকে খবর দিলে তারা দুপুর ১২টার দিকে এসে শজারুটিকে নিয়ে যান।”
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা শজারুটি প্রাপ্তবয়স্ক। এর ওজন প্রায় আট কেজি এবং দৈর্ঘ্য প্রায় দেড় ফুট।
পঞ্চগড় সদর উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন,
“দুপুরে আমরা শজারুটিকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে এটি লোকালয়ে চলে এসেছিল। প্রাথমিকভাবে শজারুটিকে নিরাপদে রাখার জন্য তেঁতুলিয়া ইকো পার্কে পাঠানো হয়েছে।”
বন বিভাগ জানায়, সুস্থ থাকলে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে শজারুটিকে অবমুক্ত করা হবে।
