স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ রিপোর্টার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক নেতা আব্দুল আজিজ মাহফুজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার, ২২ নভেম্বর ২০২৫ সকাল ৯টায় তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে আব্দুল আজিজ মাহফুজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সাংবাদিক অধিকার রক্ষার অগ্রপথিক। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের সংগঠিত করা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক গভীর দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রবীণ এই সাংবাদিক নেতার চলে যাওয়া সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর স্মৃতি, কর্ম ও দৃষ্টিভঙ্গি আগামীতেও সাংবাদিক সমাজকে অনুপ্রাণিত করবে।
