Oplus_16908288

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২০২২ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহাল না করার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কলেজ মোড়ে ইসলামী ব্যাংকের সামনে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সুধী সমাজের প্রতিনিধি নিজাম উদ্দিন ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশীদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, শিক্ষার্থী আদিবা আহসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াকুব আলী শ্রাবণ প্রমুখ।
বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অনিয়মের সঙ্গে জড়িতদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুনর্বহাল আদেশ বাতিলের দাবি জানান।
জানা গেছে, ২০২২ সালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ৬টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িকভাবে বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তারসহ ৭ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বেকসুর খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম দায়রা জজ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
এদিকে মামলা চলমান থাকা সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) অভিযুক্ত শিক্ষকদের পুনর্বহালের নির্দেশ দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মচারীদের স্থায়ীভাবে অপসারণ এবং ভবিষ্যতে কোনোভাবেই তাদের বিদ্যালয়ে যোগদান করতে না দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *