ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারীর সুপরিচিত ব্যবসায়ী, কুমিল্লা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এবং কুমিল্লা বেকারীর স্বত্বাধিকারী দীন ইসলাম আর নেই। বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, গত ২ জুন সাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে তিনি সড়কে পড়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে দ্রুত ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মাথায় জরুরি অস্ত্রোপচার করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
দীন ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন একজন পরিশ্রমী, সদালাপী ও মানবিক মানুষ। প্রায় দুই যুগ আগে নিজ জেলা কুমিল্লা থেকে জীবিকার সন্ধানে ভুরুঙ্গামারীতে এসে তিনি ‘কুমিল্লা বেকারী’ নামে একটি রুটি ও বিস্কুট তৈরির প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরবর্তীতে ‘কুমিল্লা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার’ প্রতিষ্ঠা করে ব্যবসায়িক সততা, গুণগত মান ও আন্তরিক সেবার মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
তার আকস্মিক মৃত্যুতে ভুরুঙ্গামারীর ব্যবসায়ী মহল, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গ্রাহকের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ রংপুর থেকে নিজ জেলা কুমিল্লায় নেওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
একজন সংগ্রামী উদ্যোক্তা, পরিশ্রমী ব্যবসায়ী এবং সবার প্রিয় মানুষ হিসেবে দীন ইসলাম ভুরুঙ্গামারীর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
