ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কসাই পট্টিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার সময় মাংসসহ কসাইকে আটক করে জনতা।
ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময়। প্রত্যক্ষ দর্শীরা জানায় ভুরুঙ্গামারী বাজারের শাহিনুর আলম কসাই অসুস্থ একটি গরু জবাই করলে গরুটির চামড়া ও মাংসে লাম্পী রোগের ক্ষত দেখতে পেয়ে ভুরুঙ্গামারী হাসপাতালের সেনিটারী ইন্সপেক্টর মোঃ আবু বক্কর সিদ্দিককে জানালে তিনি উপজেলা পশু সম্পদ অফিসের মাঠ কর্মী নুরমোহাম্মদকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এসময় পশু জবাইয়ের ছাড়পত্র চাইলে তারা কোন ছাড়পত্র দিতে না পারায় রোগাক্রান্ত গরুর মাংস জব্দ করে মাংস পুতে ফেলে। স্থানীয় জমির আলী,মহিবুল ইসলামসহ আরও অনেকে জানায় ভুরুঙ্গামারী বাজারসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা প্রানী সম্পদের নজরদারী না থাকায় হর হামেশাই রোগাক্রান্ত ও মৃত পশু জবাই করে বিক্রি করে থাকে। সেনেটারী ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুর মাংস জব্দ করি।উপজেলা নির্বাহী অফিসার জেলায় মিটিংয়ে থাকায় কসাইয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত করা সম্ভব হয়নি বলে কসাইয়ের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন জানান,জনবল সংকটের কারনে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হয়না। তবে রোগাক্রান্ত পশু জবাই বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান রোগাক্রান্ত এসব পশুর মাংস খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়াসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।
