জামালপুর প্রতিনিধি ॥
‘বেশি করে মাছ খান, করোনায় স্বাস্থ্যঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যের আলোকে করোনা সংকটের সময়েও জেলা মৎস্য বিভাগ মাছ উৎপাদন অব্যাহত রেখে আমিষের চাহিদা পূরণের লক্ষে সরকারের সহায়তা নিয়ে মৎস্য চাষীদের পাশে দাড়িয়েছে মৎস্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে বুধবার জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৩০জন সিআইজি মৎস্য চাষীকে বিনামুল্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় সিআইজি মৎস্য চাষীদের বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তর প্রাঙ্গণে এ উপকরণ সহায়তা বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইজি মৎস্য চাষীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন। প্রতিজন মৎস্য চাষীকে সাইনবোর্ড, মাছের পোনা ও ভাসমান দানাদার খাদ্য বিতরণ দেওয়া হয়। এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াছমিন, জেলা মৎস্য কর্মকর্তা কায়সার মুহাম্মদ ময়নুল হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, সহকারী মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

