স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম সাধারণ নাগরিকদের আইনি জটিলতা থেকে দূরে রাখতে প্রয়োজনীয় বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে জমি-জমা, দেনা-পাওনা ও পারিবারিক বিষয় নিয়ে মামলা-বিবাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তিনি এসব পরামর্শ সকলের মেনে চলার আহ্বান জানান।
ওসি নাজমুল আলম বলেন, “অসতর্কতা ও আইনি অজ্ঞতা থেকেই অধিকাংশ সমস্যা সৃষ্টি হয়। মানুষ সচেতন হলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব।” তিনি নাগরিকদের সতর্ক করে বলেন—নিজের জমিতে কাউকে কোনোভাবেই থাকতে দেবেন না। ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দেবেন বা নেবেন না।খালি ব্যাংক চেক কাউকে দেবেন না। খালি বা ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করবেন না। কোনো নাবালকের সম্পত্তি কিনবেন না আদালতের অনুমতি বা রায় ছাড়া কারো দখলীয় জমিতে প্রবেশ করবেন না।জমি কেনার আগে সব কাগজপত্র অবশ্যই যাচাই করবেন এবং প্রয়োজন হলে আইনজীবীর পরামর্শ নেবেন। আইন অনুযায়ী সন্তান পিতা-মাতার ভরণপোষণ দিতে বাধ্য। স্ত্রী তালাক দিলে বা নিলে দেনমোহর পাওয়ার অধিকার রাখেন।এতিম সন্তানের দাদা জীবিত থাকলে তিনি তার সম্পত্তি পাওয়ার অধিকারী।
ওসি আরও বলেন, এসব মৌলিক আইনি জ্ঞান সবার জানা থাকলে সমাজে অনেক অপ্রয়োজনীয় মামলা, বিবাদ ও ভোগান্তি কমে যাবে। জনস্বার্থে তিনি সবাইকে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
