ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তের ওপারে শুন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে অবস্থিত ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার কিশামত করলা এলাকায় দিনহাটা টু কুর্শাহাট সড়ক মেরামতের কাজ করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ( ২০ সেপ্টেম্বর) সকালে ভারতীয় কিশামত করলা ক্যাম্পের বিএসএফ দুইটি এক্সেভেটর, কয়েকটি ট্রাক্টর এবং শ্রমিক নিয়ে এসে সড়ক খননের কাজ শুরু করে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় যান। সকাল পৌনে নয়টার দিকে ওই সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের ১ নম্বর সাব পিলারের পাশে বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দুলালের নেতৃত্বে একদল বিজিবি সৌজন্য সাক্ষাতের জন্য ভারতীয় বিএসএফকে আহবান জানান। বিজিবির আহবানে সাড়া দিয়ে ভারতীয় কিশামত করলা বিএসএফ ক্যাম্পের কমান্ডার বহর সিং এর নেতৃত্বে বিএসএফ সদস্যরা সৌজন্য সাক্ষকতে মিলিত হন। প্রায় ৩০ মিনিটের সৌজন্য সাক্ষাত শেষে বিজিবির
ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দুলাল সহ দুই সদস্য বিএসএফ সদস্যদের সাথে ওই সড়ক পরিদর্শনে যান।
সীমান্তবাসী আয়নাল হক, মন্টু মিয়া, শাকিল মিয়া সহ স্থানীয়রা জানান,সীমান্তের শুন্য লাইন থেকে ওই সড়কটি কোথাও ১০০ গজ, কোথাও ৫০ গজ এমনকি কোথাও ১০ গজের মধ্যে অবস্থিত। এ কারনে আন্তর্জাতিক আইনে বাধা থাকায় ওই সড়কের প্রায় ১ কিলোমিটার জায়গায় কাঁটাতারের পুর্নাঙ্গ বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। কিন্তু রাস্তার পাশে লোহার পাইপ পুঁতে পুঁতে অর্ধেক কাঁটাতারের বেড়া দেয়া সম্পন্ন করেছে। গতকাল বিকালে বড় বড় গাড়ী দিয়ে রাস্তার মাটি খনন করতে দেখে আমরা বিজিবি কে খবর দিয়েছি।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল মেহেদী ইমাম জানান, ওই সীমান্তে বিজিবি- বিএসএফের সৌজন্যমুলক আলাপ আলোচনার পর বিজিবির দুই সদস্যের প্রতিনিধি দল ওই সড়ক পরিদর্শন করেছে এবং আমার সাথেও বিএসএফের কমান্ডিং অফিসারের কথা হয়েছে। তারা নতুন কোন স্থাপনা নির্মান করেছে না, তাদের চলাচলের পুরাতন সড়ক মেরামত করছে।
