রবিউল আলম লিটন,ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার আনন্দে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। মহা অষ্টমীর দিনে মাতৃপূজার মধ্য দিয়ে ৩০ জন মায়ের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিয়েছেন তাঁদের সন্তানেরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ভুরুঙ্গামারী বাজার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠনের কুড়িগ্রাম জেলা টিম। মহা অষ্টমীর অঞ্জলি প্রদান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় আবহের পাশাপাশি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রথমে মাতৃপূজার আয়োজন করা হয়। পরে শারদীয় উপহার হিসেবে ৩০ জন মায়ের প্রত্যেকের হাতে তাঁদের সন্তানেরা বস্ত্র তুলে দেন। উৎসবের আনন্দে মাকে সম্মান জানানো এবং তাঁর মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ উপস্থিত ব্যক্তিদের মধ্যে মানবিক অনুভূতি জাগিয়ে তোলে।
আয়োজনটির ব্যবস্থাপনায় ছিলেন শ্রী লিটন চন্দ্র সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রী গোপাল প্রসাদ ও গণেশ চন্দ্র প্রসাদ।
আয়োজকেরা জানান, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রকাশেরও উপলক্ষ। মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মায়েদের সম্মানিত করার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
ভুরুঙ্গামারী উপজেলার ১৯টি দুর্গাপূজামণ্ডপের মধ্যে এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন আয়োজকেরা। তাঁদের মতে, মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে সামাজিকভাবে উৎসাহিত করার পাশাপাশি এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে পারিবারিক মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখতে পারে।
মাতৃপূজা ও বস্ত্র উপহার প্রদানের মধ্য দিয়ে আয়োজকেরা শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তোলার চেষ্টা করেছেন। তাঁদের প্রত্যাশা, মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এমন উদ্যোগ সমাজে ছড়িয়ে পড়বে এবং উৎসবের আনন্দ পৌঁছে যাবে আরও বেশি মানুষের কাছে।
Oplus_16908288 