ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে চিকিৎসক ও সমাজসেবী ডা. রোকনুজ্জামান কিরনের বাড়িতে দুর্ধর্ষ চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন জানান, “রাত প্রায় ১২টার দিকে আমি বাড়ি থেকে নিজ বাসায় চলে যাই। সকালে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা প্রথমে আগুন দেখতে পায়। তখনও ঘরের ভেতরে আগুন জ্বলছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানান বাড়ির মালিক ডা. রোকনুজ্জামান কিরন। তিনি বলেন, “পারিবারিক কাজে আমরা সবাই রংপুরে ছিলাম। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মূল্যবান মালামাল লুট করে এবং আগুন লাগিয়ে দেয়। এতে গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ দেশি-বিদেশি নানা ডকুমেন্ট পুড়ে গেছে। আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় সোমবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Oplus_16908288 