লালমনিরহাট প্রতিনিধি

ঢাকা থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছে আবিদা বেগম নামে এক নারী। পরিবহনের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম দেওয়া হয়েছে ‘আনাস হাসান’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলন্ত বাসে এ ঘটনা ঘটে। পরে বাসের মধ্যে মিষ্টি বিতর করা হয়।

প্রসূতি আবিদা বেগমের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। তিনি ওই উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদা সাভারের জিরানীতে একটি পোশাক কারখানায় কাজ করতো। সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের আগেই সে মা বাবার সঙ্গে গ্রামের বাড়ি লালমনিরহাটে ফিরছিলো।

জানা গেছে, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল ‘আনাস এন্টারপ্রাইজ’ বাসটি। বাসের যাত্রী অন্তঃসত্ত্বা আবিদা বেগম রংপুর মিঠাপুকুর এলাকায় আসলে প্রসব বেদনা শুরু হয়। এরপর বাস থামিয়ে বাসে থাকা পুরুষ যাত্রীদের নামিয়ে দিয়ে ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রী ও অন্যান্য নারী যাত্রীদের সহায়তায় ফুটফুটে ছেলে সন্তান প্রসব হয়। তাৎক্ষণিক বাসে থাকা সুপারভাইজার বাসের যাত্রীদের মিষ্টি মুখ করান।

এদিকে খবর পেয়ে খুশি হয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর ) আনাস এন্টারপ্রাইজের মালিক আলহাজ্ব দিপু লালমনিরহাটে আসেন। পরে বাসের সুপারভাইজার মজনু মিয়াকে সঙ্গে নিয়ে ওই শিশুর বাড়ি জেলার হাতিবান্ধায় উপজেলার ফকিরপাড়া রমনীগঞ্জ গ্রামে গিয়ে দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রীসহ নানা উপহার সামগ্রী দেন। এসময় বাসের মালিক দিপু ঘোষণা দেন, ওই শিশু আজীবন আমার কোম্পানির বাসে ‘ফ্রি’ যাতায়াত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন