এ কে খান :
বগুড়া: সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭৮তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তারা বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার কাজের সমন্বয় এবং উন্নয়নের মডেল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিপিএটিসি’র প্রতিনিধি দলটি বগুড়ার টিএমএসএস’র ফাউন্ডেশন অফিস কার্যালয়ে পৌঁছালে সংস্থার পক্ষ থেকে তাদের স্বাগত জানান টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান এবং পরিচালক এফএফ মওদুদুল ইসলাম প্রমুখ। পরিদর্শন পরবর্তী টিএমএসএস কর্মকর্তাদের সাথে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিএমএসএস-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিত ভাবে উপস্থাপন করেন নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ইমরান হোসেন। আলোচনায় টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান বলেন, টিএমএসএস কেবল একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান নয়, বরং এটি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষার মতো বিভিন্ন খাতে কাজ করা একটি সমন্বিত উন্নয়ন মডেল।প্রশিক্ষণার্থীরা টিএমএসএস পরিচালিত বিভিন্ন প্রকল্প, নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক কৃষি খামার এবং দুগ্ধ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তারা টিএমএসএস কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কার্যক্রমের পদ্ধতি ও ফলাফল সম্পর্কে জানতে চান। বিপিএটিসি-এর একজন প্রশিক্ষণার্থী কর্মকর্তা জানান, এই পরিদর্শনের মাধ্যমে তারা মাঠ পর্যায়ে একটি বে-সরকারি সংস্থার কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সাফল্য সম্পর্কে গভীর ধারণা পেয়েছেন,যা তাদের কর্মজীবনের জন্য অত্যন্ত সহায়ক হবে। পরিদর্শন শেষে বিপিএটিসি-এর পক্ষ থেকে টিএমএসএস-এর সমন্বিত উন্নয়ন মডেলের ভূয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটির বহুমুখী উদ্যোগকে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। প্রশিক্ষণার্থী কর্মকর্তারা বলেন, টিএমএসএস-এর মতো সফল মডেল থেকে শিক্ষা নিয়ে সরকারি কর্মকর্তারা তাঁদের উন্নয়নের কৌশল আরও কার্যকর করতে পারেন। এই ধরনের পরিদর্শন সরকারি ও বেসরকারি খাতের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ সময় টিএমএসএস-এর উপপরিচালক মোঃ শাফি পারভেজ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন উপপরিচালক মোঃ শাফি পারভেজ।
