লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট জেলা উত্তরের সীমান্তবর্তী একটি জেলার নাম। এক পাশে সীমান্ত ও অন্য পাশে তিস্তার করাল গ্রাসে সংকুচিত জেলাটির বেশি ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। শিক্ষাদীক্ষায় চরাঞ্চলের মানুষেরা পিছিয়ে। এখনও রয়েছে অনেকটা নিরক্ষরতায়। এবার সেই নিরক্ষরতা দূরীকরণে আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের তারুণ্য দীপ্ত শিক্ষার্থীরা নিয়েছে ব্যাতিক্রমী উদ্যোগ।
শুধু স্বাক্ষরতাই নয় প্রাথমিক শিক্ষার অক্ষরজ্ঞান, ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষামুখী করাসহ নানান পরিকল্পনা নিয়েছেন। স্বাক্ষরতা ও প্রাথমিক শিক্ষা দিতে বাড়ি বাড়ি যাচ্ছে তারা।
জানা যায়, জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ড ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে পড়েছে। বিলীন এসব এলাকার বাসিন্দারা নদী তীর কিংবা অন্যত্র স্থান দরিদ্র শ্রেণির কিংবা খেটে খাওয়া দিনমজুর। এদের অধিকাংশই স্বাক্ষর জানে না। জরুরি কাজে টিপসই একমাত্র ভরসা।
মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সারোয়ার আলমের সার্বিক তত্ত্বাবধানে ও আ স ম রাহাতুন্নবী সহযোগিতায় পড়াশুনার ফাকে ছুটির দিনে দল বেধে বিভিন্ন এলাকায় যাচ্ছে শিক্ষার্থীরা। গ্রুপ ভিত্তিক উপদলে বিভক্ত হয়ে ধুলোবালি মাড়িয়ে দ্বারে দ্বারে গিয়ে খুজে বের করছে নিরক্ষর মানুষদের। সেখানে খোশগল্প কিংবা নানান উপস্থাপনায় স্বাক্ষর ও প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে হাতে কলমে স্বাক্ষর শেখাচ্ছে তারা।
এ ছাড়াও মোবাইল নম্বরসহ নাম-ঠিকানা তালিকা করে পরবর্তীতে ১০/১২ দিন পর আবারও এসে শিখিয়ে দেওয়ার কথা বলছেন তারা। ইতোমধ্যে প্রায় ২ শতাধিক লোকের তালিকাও করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সব এলাকার মানুষদের প্রাথমিক জ্ঞান ও স্বাক্ষরতা শেখাতে সফল হওয়ার পরিকল্পনা তাদের।
১০ শ্রেণির শিক্ষার্থী নিশাত তাসনীম দিপা বলেন, নিরক্ষরতা মুক্ত করতে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে তালিকা করছি। তালিকা অনুযায়ী তাদেরকে প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষর শেখানো হচ্ছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা শুধু নিজেরা শিক্ষিত হলে হবে না। পুরো জাতিকে সচেতন হতে হবে।
নাজমুন নাহার, ইভা ও রাব্বি বলেন, মানষিক প্রশান্তির জায়গা থেকে আমাদের মনে হয়েছে সমাজের জন্য কিছু করতে হবে। স্যারদের সঙ্গে কথা বলে আমরা সেই চেষ্টায় করছি। এতে সবার সহযোগিতা ও অনুপ্রেরণা পাচ্ছি। আশা করি আমরা সফল হবোই। কিছুদিন আগে এক অভিভাবক স্কুলে গিয়ে টিপসই দিলে আমাদের মনে হয়েছে কমপক্ষে প্রাথমিক জ্ঞান ও স্বাক্ষরতা জ্ঞান সকলের থাকা উচিৎ নইলে স্মার্ট বাংলাদেশে তাদের ভোগান্তি তৈরি হবে। তাই আমরা সবাকে নিয়ে বিভিন্ন এলাকায় নিরক্ষর মানুষদের তালিকা করে শিক্ষা দিচ্ছি।
এ বিষয়ে মহিষখোচা স্কুল ও কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম বলেন, শিক্ষার্থীরা যে কাজটি করছে তা অনেক বেশি প্রশংসনীয়। তাই সবার সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা চাই সব এলাকা নিরক্ষর মুক্ত হোক। শিক্ষার্থীদের সমাজ ও জাতি বিনির্মাণের কাজে আমার সবসময় সহযোগিতা করে যাবো।
