এস এম আলতাফ হোসাইন সুমন হাতিবান্ধা(লালমনিরহাট) সংবাদদাতাঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাট জেলার হাতীবান্ধার দোয়ানীতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে ফের বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে । ফলে হাতীবান্ধাসহ জেলার তিস্তাতীরবর্তী নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি ঢুকছে।

শনিবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ( স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)
হঠাৎ করে শনিবার গভীর রাত থেকে বাড়তে শুরু করে পানি। এতে তিস্তা ব্যরেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় । ফলে জেলার পাঁচ উপজেলার তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে ধরলা ও সানিয়াজান নদীর পানিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার।

বর্ষা মৌসুমের জুন মাসের শুরু থেকেই তিস্তার পানি বাড়া-কমার মধ্যে আছে। প্রথম দফায় স্বল্প মাত্রার বন্যার পানির গতি অনেকটা স্বাভাবিক থাকলেও গত বুধবার ভোর থেকে বাড়তে শুরু করে পানি।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, তিস্তা ব্যরেজ পয়েন্টে সকালে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখন কমতে শুরু করেছে। জরুরি প্রয়োজনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নেয়া রয়েছে। আমরা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউএনওদের মাধ্যমে সকল পরিস্থিতির খোঁজ খবর রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *