এস,কে সাহেদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালন শেষে লালমনিরহাট জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনা ঘটে।
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইন ও স্বদেশ প্রতিদিন নামের একটি পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে হাতীবান্ধা যাচ্ছিলেন সাংবাদিক ইউনুস আলী। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছলে বুড়িমারী থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ইউনুস আলীর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে পরে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
