লালমনিরহাট প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এঁর বক্তব্য নিয়ে ফেসবুকে কটাক্ষ করা আলোচিত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের কার্যালয় থেকে চলে গেছেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, অভিযুক্ত তাপসী তাবাসসুম উর্মির লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে গত রোববার ছিলো শেষ কার্যদিবস। সোমবার সকালে তিনি লালমনিরহাট থেকে চলে গেছেন। তিনি আরও জানান, রোববার প্রথমে এক আদেশে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। পরে তাকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। পরবর্তী সিদ্ধান্ত চাকরি বিধি মোতাবেক সরকার নেবে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, তাপসী তাবাসসুম উর্মি, ৪০তম বিসিএস নিয়ে ২০২২সালের ৮ডিসেম্বর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করেন। তিনি সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগ, জিএম শাখার জুডিশিয়াল মুন্সিখানা সহ বাজার তদারকি এবং জেলা প্রশাসনের বিভিন্ন সভা সেমিনার পরিচালনার দায়িত্ব পালন করছিলেন।
জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এঁর দেওয়া এক বক্তব্য নিয়ে কটাক্ষ করে লেখেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন— রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। তবে একটি বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। “তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার” আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিলো এটা এত অল্প সময়ে দিনের আলোর মত পরিস্কার করে দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ”।
পরে ওই স্ট্যাটাস মহুর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেশব্যাপী নানা শ্রেণীপেশার মানুষের সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তিনি ওই স্ট্যাটাস অনলি মি করে রাখেন।
এছাড়াও তাঁর ফেসবুক আইডিতে দেখা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদকে নিয়েও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলেও জানাগেছে।
তবে এব্যাপারে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে রোববার স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায়, আমার সমস্যা নাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো’।
ওই ম্যাজিস্ট্রেটকে গত রোববার প্রথমে এক আদেশে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। পরে তাকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সরকার। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
