ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির নিকট হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়েছে এক প্রতারক। ওটিপি দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েছে ওটিপি চাওয়া প্রতারক।

প্রতারকের হুমকির শিকার হওয়া ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৬)। তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইমান আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন দেয়। পুলিশ পরিচয় দেয়া ব্যক্তি দাবি করেন লিয়াকত আলী হোয়াটসঅ্যাপে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করেন। এসময় অজ্ঞাতনামা ব্যক্তি হোয়াটঅ্যাপের ওটিপি চান। ওটিপি দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেয় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

লিয়াকত আলী বলেন, আমি হোয়াইট অ্যাপে কোন প্রকার রাজনৈতিক গ্রুপ চালাই না। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি কোথায় পাবো। আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ওটিপি অপরিচিত ব্যক্তির সাথে শেয়ার করা বোকামি। তাই ওটিপি দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে ফোনকারী অজ্ঞাতনামা ব্যক্তি আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে। এবিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির নিকট থেকে ফোনে হুমকি পাওয়া ব্যক্তি জিডি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *