‎​লালমনিরহাট প্রতিনিধি
‎​সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনায় সীমান্তে আতংক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর আওতাধীন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে বুড়িমারী বিওপির মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এই ঘটনা ঘটে। 
ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।
ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮-হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন বিজিবি।​
‎ড্রোনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। ওই সময় জমিতে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি বুড়িমারী বিওপির বিজিবি সদস্যদের অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এদিকে ‎​ড্রোনটি নিখোঁজ হওয়ার পর বিএসএফ-এর হিমালয় ক্যাম্পের সদস্যরা সেটি উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমান্তে শক্তি বৃদ্ধি ও টহল জোরদার করে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সীমান্তে কড়া নজরদারি শুরু করে।
‎​
‎​তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ধারকৃত ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। সীমান্তের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎​এই ঘটনার পর থেকে মগলিবাড়ী সীমান্তে স্থানীয়দের চলাচলে বিজিবির পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বিএসএফ কেন বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন পাঠিয়েছিল এবং এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *