ডেস্ক রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।
আইজিপি বলেন, নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাক-নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, নিয়মিত টহলের পাশাপাশি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করতে হবে, যাতে অপরাধী ও দুষ্কৃতকারীরা কোনোভাবেই সুযোগ নিতে না পারে।
দ্ব্যর্থহীন কণ্ঠে আইজিপি বলেন, পুলিশের বৈধ ও আইনানুগ কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে হবে। একই সঙ্গে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদার করার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে সরকার ঘোষিত পুরস্কারের তথ্য ব্যাপকভাবে প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি।
সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মোঃ রেজাউল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোঃ কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

