ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে কথিত এক ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, একাধিক মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামে অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেক প্রান্তিক, নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে তরুণ ও যুব সমাজের একটি অংশ অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে অনলাইন জুয়া সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এবং থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ অভিযানিক দল গঠন করা হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকা থেকে মো. মোস্তাক মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশের দাবি, মোস্তাক মিয়া বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ১০ থেকে ১১টি অনলাইন জুয়া ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব ওয়েবসাইটের নিবন্ধিত সদস্যদের আর্থিক লেনদেন তার মাধ্যমে পরিচালিত হতো।
গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারি কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সমাজবিধ্বংসী এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনলাইন জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তবে এক জরিপে দেখা গেছে উপজেলার আনাচে কানাচে স্থানীয় বাজার ও মোড়ে মোড়ে বিকাশ নগদের ব্যবসার আড়ালে এমন ক্যাসিনো জুয়া চলমান থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় ক্যাসিনো/অনলাইন জুয়ারিদের সনাক্তকরণসহ আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের।
