ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বীরমুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৪ সালের ২৭শে জানুয়ারী জন্ম গ্রহন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইন-চার্জের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজে অধ্যাপনা শুরু করেন এবং সহকারী অধ্যাপক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার বাদ যোহর ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তার দুই ছেলে ভূরুঙ্গামারী কলেজে অধ্যাপনা করছেন। তাঁর মৃত্যুতে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি কলেজ পরিবার ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাৎ কামনা করেছেন।
