কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বালুবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘে তাজুল ইসলাম (৩৪) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম থেকে উলিপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম চিলমারী উপজেলার রানিগঞ্জ ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর আড়াইটায় অটোরিকশাযোগে কুড়িগ্রাম থেকে উলিপুর আসার পথে উলিপুর পৌরশহরের বাসস্ট্যান্ডে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতিতে একটি বালুবোঝাই ট্রাক (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট ১৫-৯৮৭৩) এসে অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম (৩৪) কে মৃত ঘোষণা করেন। এ সময় আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হয়।

আহতরা হলেন- উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের চন্ডিজান এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার দেলওয়ার হোসেনের ছেলে ওবায়দুল ইসলাম (৩২), ওবায়দুল ইসলামের মেয়ে তাসমিন (২০), চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকার মৃত তোফা শেখের ছেলে আব্দুল ওয়াহাব (৬০) ও এলাকার বাহাদুর রহমানের ছেলে আনোয়ার (৩৫)।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *