লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের বুড়িমারীতে দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় পূর্ব চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সফিউল আলম লাবু, আনিচুর রহমান লাডলা, হরিদার আলী বাবু প্রমুখ। বক্তারা জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
গত মঙ্গলবার স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ও সরদার গ্রুপের সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকদের এক গ্রুপ এশিয়ান টিভি পাটগ্রাম প্রতিনিধি এমএ কামাল ও দৈনিক কালবেলা পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি মিঠু মুরাদের ওপর হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুর করে।
