photo

কামরুল ইসলাম হৃদয়,চট্টগ্রাম অফিস::
কাভার্ড ভ্যান থেকে রপ্তানির পোশাক চুরিতে যুক্ত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতারের তথ্য জানিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস চোরাই টি-শার্ট ও একটি কার্টার মেশিন জব্দ করা হয়েছে। রোববার সকালে পতেঙ্গার ফুলছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার শাহাদাত ওরফে সুমন (৩২), মো. আলমগীর ওরফে রনি (২৮), আরিফুল ইসলাম সুমন (২৬) ও মাসুদ রানা (২২)। এদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে আগে থেকে পোশাক চুরির অভিযোগে মামলা ছিল। কাভার্ড ভ্যানের তালা কাটার কাজ করেন আরিফুল ইসলাম।পতেঙ্গা থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, রপ্তানির চোরাই পোশাকসহ চোর চক্রের চার সদস্য ফুলছড়ি এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এরপর তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস চোরাই টি-শার্ট পাওয়া যায়। গ্যারেজে কাভার্ড ভ্যান ঢুকিয়ে তালা কেটে পোশাক চুরি করে গ্রেফতারকৃতরা। তালা কাটার একটি মেশিন জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে।তিনি আরও বলেন, কারখানা থেকে জাহাজের কনটেইনার পর্যন্ত সক্রিয় আছে সংঘবদ্ধ চোর চক্র। বিভিন্ন কারখানা রপ্তানির জন্য যে পোশাক পাঠায় ক্রেতার উদ্দেশ্যে, তা পথে চুরি করে নিয়ে যাচ্ছে এ চক্র। রপ্তানি পন্য চুরির পর সে জায়গায় ঝুট কাপড় বা খালি রাখে তারা। এতে বিদেশী ক্রেতারা পোশাক কম পাওয়ায় বাজার হারানোসহ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *