ছাতক প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ছাতকে পাল্টাপাল্টি অবস্থানে ছিল পুলিশ ও ইসলামি সম্মেলনের আয়োজকরা। সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ছাতকের মৈশাপুর মাদরাসা মাঠে শনিবার রাতে বক্তব্য দেন মাওলানা মামুনুল হক। জানা গেছে, ছাতকে মাওলানা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে ছাতক উপজেলার মৈশাপুর মাদরাসা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্ততি গ্রহণ করে। আয়োজকরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামি মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি তারা সম্পন্ন করেছেন। তাঁর সুরক্ষায় ২০০ যুবক দিয়ে একটি স্বেচ্ছাসেবক টিমও তৈরি করা হয়েছে। তবে পুলিশ প্রশাসন বলেছিলো, মাওলানা মামুনুল হককে প্রতিহত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফেজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসার ৪৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মামুনুল হক উপস্থিত থাকবেন বলে পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এ নিয়ে শুক্রবার জুম্মার নামাজ শেষে মৈশাপুর গ্রামে আয়োজকদের সঙ্গে পুলিশ প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষে সার্বিক বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। বৈঠকে বিষয়ের সুরাহা হয়নি। দু’পক্ষই মাহফিলে মাওলানা মামুনুল হককে নিয়ে পক্ষে-বিপক্ষে অনড় ছিলেন। এ ব্যাপারে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুস সামাদ গণমাধ্যমকে বলেন, সম্মেলনের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। রাতেই স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়ার আশাবাদী তিনি। ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেছেন, শেষপর্যন্ত অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা মামুনুল হক।
