Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিসকে পরাজিত করে এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে অংশগ্রহণকারী ১৯০টি সদস্য রাষ্ট্রের ভোটের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট লাভ করেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।
নির্বাচনের ফলাফলের মাধ্যমে আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। তিনি অধিবেশনের কার্যক্রম পরিচালনা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, সক্রিয় কূটনীতি এবং বহুপাক্ষিক সহযোগিতায় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি বহন করে।
উল্লেখ্য, এর আগে একবার বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদ অলঙ্কৃত করেছিল। ড. খলিলুর রহমানের এ বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ বহুপাক্ষিক ফোরামের এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলো বাংলাদেশ।
ড. খলিলুর রহমানের এই সাফল্যে সরকার, কূটনৈতিক মহল এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করতে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন