ঝালকাঠি প্রতিনিধি :
রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ঝালকাঠি টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিতে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, সনাক সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, সাংবাদিক দুলাল সাহা, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শ্যামল সরকার, সমকালের জেলা প্রতিনিধি জিয়াউল হাসান পরাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, রিপোর্টর্স ইউনিটির সহ-সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃ মন্নান তাওহীদ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রয়াত মিজানুর রহমান খান ছিলেন একজন সৎ, নির্ভিক ও নিবেদিত প্রাণ সাংবাদিক। তিনি আইনের ছাত্র না হয়েও আইন ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মিজানুর রহমান খানের শুণ্যতা সাংবাদিকতা ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
সভার শুরুতে সাংবাদিক মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং শেষে তাঁর আত্মার মাগফেরাত কামণা করে দোয়া মোনাজাত করা হয়।
