মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনীয়ায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত হামিদুল ইসলাম উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের কাচিনীয়া শিয়ালডাঙ্গী এলাকার সুমন ইসলামের ছেলে।
পরিবার ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিগত তিন বছর ধরে ডায়াবেটিস ও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন হামিদুল। এমনিতেই অভাবের সংসারে স্ত্রী, ছেলে ও পুত্রবধূ নিয়ে কষ্টে দিন যাপন করছিলেন তিনি। তাই কোনো রোগের চিকিৎসা করাতে পারতেন না। তাই বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন হামিদুল। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হয় যে, অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন হামিদুল। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
