
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ ও ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে গত ৭২ ঘণ্টায় ভারতীয় গবাদিপশু, মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিকসসহ অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ সামগ্রী।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
