ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর প্রেক্ষিতে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন চেয়ারম্যান হিসাবে আব্দুল লতিফকে দায়িত্ব প্রদান করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম (স্থানীয় সরকার শাখা) থেকে জারিকৃত এক অফিস আদেশে জানানো হয়, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেন গত ৩১/০১/২০২৪ তারিখে মৃত্যুবরণ করেন। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এ প্রেক্ষিতে পূর্বের আদেশ বাতিল করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে পদক্ষেপ গ্রহণ করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ২০২২ সালের ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত ১নং প্যানেলের চেয়ারম্যান জনাব মোঃ আবুল লতিফ (৮নং ওয়ার্ড) কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করবেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতি ফিরে আসবে এবং জনসেবামূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *