ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার। বৃহস্পতিবার দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় জাল সনদের মাধ্যমে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রামের আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে।
তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও একটি নিয়োগ জালিয়াতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এছাড়া উক্ত সাইদুর রহমান মাদ্রাসার সুপার পদ থেকে সাময়িক বরখাস্তের পর নিজেকে দৈনিক শিরোমণি নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
