ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনকে ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে সংগঠনটিকে এ অনুদান দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাতটায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-ই-খুদা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রশীদ এবং বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ১০টি যুব সংগঠনকে অনুদান দেওয়া হয়। বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন সংগঠনটির সভাপতি মো. শহিদুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, শিশুশ্রম বন্ধ, মাদকবিরোধী কার্যক্রম এবং যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠন। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের কাছ থেকে বিশেষ সম্মাননা পায় সংগঠনটি। এ ছাড়া ‘চাইল্ড নট ব্রাইট’ প্রকল্পসহ আরও দুটি প্রকল্পে কাজ করছে সংগঠনটি।
বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উদ্যোগ যুবকদের স্বেচ্ছাসেবামূলক ও সমাজকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে। এ ধরনের অনুদান কার্যক্রম অব্যাহত থাকলে যুব সংগঠনগুলো আরও বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত হতে পারবে। পাশাপাশি বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
Oplus_16908288 