ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে ফ্যান ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা হয়নি তবে আজ (রোববার,৩০ আগস্ট) বিকালে থানায় জিডি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ। জানাগেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সমস্ত শ্রেণি কক্ষের দরজা তালাবদ্ধ করা হয়। সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সকালে বিদ্যালয়ে দেখা যায় তালা ভেঙ্গে একটি শ্রেণির কক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণি কক্ষ থেকে তিনটি করে ছয়টি, মোট ১০টি সিলিং ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিদ্যালয় বন্ধ থাকায় কে বা কারা এসব মালামাল চুরি করে নিয়ে যায়, সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করা যায়নি।খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণি কক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে দশটি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুবির ঘটনাটি প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস জানান, চুরির ঘটনাটি এখনো কেউ তাকে জানায়নি। জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Oplus_16908288 