‎​রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান।

‎কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

‎​এর আগে গত বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

‎​ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটি (মোঃ আনারুল ইসলামের মেয়ে) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা মোঃ শফিকুল ইসলাম সব বাচ্চাদের খাবার কিনে দেওয়ার কথা বলে স্থানীয় একটি দোকানে নিয়ে যান। পরে অন্য বাচ্চাদের বিদায় দিয়ে ভুক্তভোগী শিশুকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাস্তার পাশে একটি শৌচাগারে তাকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

‎​নির্যাতিত শিশুটি পরে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার মা মোছাঃ শারমিন বেগমকে ঘটনার বিস্তারিত জানায় এবং অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই দিন বিকেলেই ক্ষুব্ধ গ্রামবাসী ও আত্মীয়-স্বজনরা অভিযুক্ত শফিকুল ইসলামকে আটকে রেখে রাজারহাট থানা পুলিশে সোপর্দ করেন।

‎​স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম বিবাহিত এবং তার নিজেরও এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ভুক্তভোগীর চাচা মোঃ ছামাদ আক্ষেপ করে বলেন, “শফিকুলের বাবা মারা যাওয়ার পর থেকে আমরা তাকে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছিলাম। কিন্তু সে যে এমন ঘৃণ্য কাজ করবে, তা আমরা কখনোই আশা করিনি।”

‎​নির্যাতিত শিশুর চাচী শাহিনা বেগম ও অভিযুক্তের চাচী রূপালী বেগম জানান, ঘটনার পর শফিকুল ধর্ষণের বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ২০ টাকা দিয়ে কাউকে না বলার জন্য হুমকি দেয়। তবে অভিযুক্ত শফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন।

‎​ভুক্তভোগীর দাদা আব্দুল বাতেন নিশ্চিত করেছেন, শিশুটিকে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)’-এর ৯(২) ধারায় মামলা নথিভুক্ত করে আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন