ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।
নিহত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেল প্রায় ৩টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় মাঠে বাঁধা থাকা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে খোলা মাঠে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতের পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আনোয়ার হোসেনের কোমর থেকে বুক পর্যন্ত অংশ পুড়ে গেছে। তিনি বলেন, “আমরা কয়েকজন তখন প্রায় ২০০ গজ দূরে ছিলাম। বজ্রপাতের বিকট শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ি।”
এদিকে একই সময়ে নাগেশ্বরী উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুটি গরু মারা যায়। এর মধ্যে কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি গরু এবং কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গরু বজ্রপাতে মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস কৃষক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা এবং আবহাওয়া সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।
Oplus_131072 