শফিউল আলম শফি কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরী হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার সর্বশ্রেণির মানুষ। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার আমিনবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সহস্রাধিক এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন এড. মমিনুর রহমান, ওয়ার্ড মেম্বার শামসুল হক, সুপার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সাজেদা বেগম, শিক্ষার্থী শিউলী প্রমুখ। চাঞ্চল্যকর এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পরিত্যক্ত সেচ পাম্পটি ছিল মাদকসেবীদের আড্ডাস্থল। অসামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় মাদকসেবীরা বহিরাগতদের নিয়ে সেখানে কূ-কর্ম চালায়। ধারণা করা হচ্ছে মাদকসেবীরা দুই কিশোর-কিশোরীদের ফুঁসলিয়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণের পর অপরাধ চাপা দিতে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই নড়েচড়ে বসে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়া পাড়ার কেরামত আলীর পূত্র মুকুল মিয়া (৩২), হায়দার আলীর পূত্র শোভন (৩২), ধূলাউড়া এলাকার আছির উদ্দিনের পূত্র মমিন মিয়া (৩৫) ও ভোগরাম গ্রামের আব্দুল জলিলের পূত্র সাজু মিয়া (৩২) কে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রওশন আলম জানান, খুনীদের গ্রেফতারে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে জাহাঙ্গীর আলম ও সেলিনা আক্তার নামে দুই কিশোর-কিশোরীকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দলবাড়ী দোলা এলাকায় পরিত্যক্ত সেচ পাম্পে হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

