লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিস্তার দুর্গোম বালুচরে বন্ধুকে ডেকে নিয়ে মদ পান করিয়ে গলায় রশ্মি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে।
এ ঘটনায় আইয়ুব আলী (২৬) নামে এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২মে) দিবাগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর
সীমান্ত এলাকার তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (২২) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনরর ছেলে।
গ্রেফতার আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর হতে অটোরিকশা নিয়ে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্ত পিলার নং-ডিএএমপি ৬/৬এস পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মদ পানের পর একপর্যায়ে আসামি আইয়ুব আলী রশি দিয়ে রফিকুলকে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা করার পরে আসামি আইয়ুব আলী রফিকুল এর মৃতদেহ তিস্তা নদীর চরে বালুতে পুতে রাখে। পাটগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাতেই তিস্তারচর থেকে মরদেহ উদ্ধার করে আইয়ুব আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তার। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
