
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্যবসায়ীর গুদাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫৬ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে। ১৩জুন বুধবার সকালে কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এই বিপুল পরিমান চাল জব্দ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার,অফিসার ইনচার্জ ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জব্দকৃত চালগুলি ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার টাকা । প্রায় ১ হাজার ৪শত হতদরিদ্র পরিবারের ঈদের আনন্দ মাটি করে কালো বাজারে চাল বিক্রির এ ঘটনায় গুদাম মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাশিপুর বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আওতায় হতদরিদ্র ব্যক্তি ও পরিবারকে ভিজিএফের চাল প্রদানের জন্য কাশিপুর ইউনিয়নে ৫২৮৪ টি কার্ডের বিপরীতে ৫২.৮৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। সে অনুযায়ী ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলকে ৯ জুন ৫২৮৪ টি কার্ডের চাল উত্তোলন ও ১১ জুন বিতরণের নির্দেশ দেওয়া হয়।
বিজিবি সুত্র জানায়,বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৃত রহমত মাষ্টারের ছেলে শাহাদৎ হোসেন মিন্টু ও চাঁন্দ মিয়ার ছেলে রমজান আলীর গুদাম থেকে বিপুল পরিমান ভিজিএফের চাল ট্রলি যোগে অন্যত্র সরানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার সহিদের নেতৃত্বে বিজিবির টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় ট্রলিতে বস্তা উঠানোর সময় ভিজিএফের ৪৫৬ বস্তা চাল জব্দ করে। বিজিবি’র উপস্থিতি দেখে গুদাম মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সহিদ ইসলাম জানান,বিজিবি বাদী হয়ে দুই গুদাম মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিএফের চাল উদ্ধারের খবর শুনেছি।
উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও বলেন,ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিজিএফের চাল বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের জন্য বিজিবিকে বলা হয়েছে।
