এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে রাতে সিসি টিভি ক্যামেরা অপসারণ করে নিল বিএসএফ।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইন হতে ৫ গজ ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গল বার সকাল ১১ ঘটিকায় ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান অবিলম্বে সিসি ক্যামেরা অপসারনের জন্য জোর আহ্বান জানায়। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করে রাতেই বিএসএফ কর্তৃক স্থাপনকৃত সিসি ক্যামেরা অপসারণ করা হয়।
