ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর এলাকায় এবং কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি পাথর বোঝাই ভটভটি ঘুণ্টিঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মজিবর রহমান (৪০) গাড়িটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান উপজেলার বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।
অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় আরেকটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন—পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৬) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “মজিবর রহমানকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, নিহত ভটভটি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত চলছে। সুধীমহল বলছেন সড়কে অবৈধ ভটভটি চলাচলে প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রান হারাচ্ছে পথচারীরা।অনতি বিলম্বে এসব ভটভটি বন্ধ করতে জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন