কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে মুখরোচক খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন মজিদুল ইসলাম। প্রতিদিন বাজারে একটি ছোট ঠেলাগাড়ি নিয়ে তিনি পিয়াজি, গুলগুলা, পাপরসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার প্রস্তুত ও বিক্রি করেন।
মজিদুল জানান, ভোরে ঘুম থেকে উঠে ছেলেকে সঙ্গে নিয়ে খাবার তৈরির প্রস্তুতি নেন। এরপর দুপুরের আগেই বাজারে চলে আসেন। দুপুর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে। তাঁর তৈরি পিয়াজি ও গুলগুলা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় হওয়ায় বিক্রিও ভালো হয়।
তিনি আরও বলেন, “বাবা-ছেলে মিলে প্রতিদিন যা বিক্রি করি, খরচ বাদ দিলে ৮০০ থেকে ১ হাজার টাকা থাকে। এই আয় দিয়েই পরিবারের ভরণ-পোষণ চলছে।”
তার এই পরিশ্রম, সততা ও সহজ-সরল আচরণের কারণে বাজারের ক্রেতা ও ব্যবসায়ীদের কাছেও তিনি একজন বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, স্বল্প পুঁজিতে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন মজিদুল। সীমাবদ্ধতার মধ্যেও হাসিমুখে কাজ করেন তিনি। তাঁদের মতে, “মজিদুলের বানানো খাবার যেমন সুস্বাদু, মানুষ হিসেবেও তিনি খুব ভালো।”
জীবনযুদ্ধের কঠিন বাস্তবতা মোকাবিলা করেও পরিবারকে বাঁচিয়ে রাখতে প্রতিদিনই সংগ্রাম করে যাচ্ছেন মজিদুল ইসলাম। পরিশ্রমকেই তিনি নিজের শক্তি মনে করেন।
