নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমানা পিলার সদৃস্য একটি বস্তুসহ র‌্যাবের হাতে দুইজন প্রতারক চক্রের সদস্য আটক হয়েছে। আটক হওয়া দুইজন কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ও মৃত নাদুগীরে ছেলে হিরেন্দ্রগীর।

কচাকাটা থানার পুলিশ জানায়, ২১ নভেম্বর প্রথম প্রহরে (২০ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টার পর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন রংপুর (র‌্যাব-১৩) এর সদস্যরা অভিযান চালিয়ে ভাটিকেদার এলাকা থেকে তাদের দুইজনকে আটক করে। এসময় তারা সীমানা পিলার সদৃস্য একটি বস্তু প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পরে বস্তুটিসহ তাদের আটক করে র‌্যাব। রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় তাদের নামে একটি মামলা দায়ের করে র‌্যাব।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজন প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *