হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে গৃহবধূর স্বামী ও প্রধান আসামী আশেক
আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, সোমবার ভোরে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজর মামুদ এলাকার একটি বাশঝাড় থেকে আশেক আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন
ফুলবাড়ী থানার এসআই জাহেদুল ইসলাম ও ইব্রাহীম খলিল। নেতৃত্বে একদল পুলিশ সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, পাঁচ বছর পূর্বে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আশেক আলীর (২৮) সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমী খাতুনের। বিয়েতে এক লক্ষ টাকা দেওয়ার পরও যৌতুকের লোভে স্বামীসহ পরিবারের লোকজন মৌসুমীকে পিটিয়ে হত্যা করে। গত ১৩ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে মারা যায় মৌসুমী। এরপর থেকে আত্মগোপনে ছিল আশেক আলীসহ পরিবারের লোকজন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ আরো জানান, গৃহবধুর চাচা নাসির আলী বাদী হয়ে স্বামী আশেক আলীসহ তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
