কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গংগারহাট বিওপিতে নিজের রাইফেলের গুলিতে নাসিম উদ্দিন (২৩) নামে এক বিজিবি সদস্য আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে। নিহত বিজিবি সদস্য লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তার সিপাহী নং- ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের পুত্র ।
পুলিশ সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পড়ে নিজ অস্ত্র বুঝে নেন বিজিবি সৈনিক নাসিম উদ্দিন।
এক পর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভিতর গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। গুলির শব্দে সহকর্মীরা দৌঁড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়। সেখান থেকে দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। কোন পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে।
কুড়িগ্রাম সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
