এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ ফাহিম ফিরোজ এর উদ্যোগে আগামীকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শনের করা হবে। তিনি উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শাহাদত হোসেন বাবুলের ছেলে। তাঁর প্রতিষ্ঠান নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগে আগামীকাল ১৫ আগস্ট মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় ৭২০ বার টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।

আর এটি বাস্তবায়নে বর্তমানে তত্বাবধান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই উপলক্ষে আয়োজকদের ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনোয়ার গ্রুপ, এক্সিম ব্যাংক ও বাংলাদেশ ফিনান্স।

এ প্রতিবেদককে ফাহিম ফিরোজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে সরকারি-বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৫ আগস্ট ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে (যে বিলবোর্ডে থার্টি ফার্স্ট নাইটের বলড্রপের আয়োজন করা হয়) নিউইয়র্ক ড্রিম প্রোডাকশনের পক্ষ থেকে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হয়ে পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডে চলবে এই প্রদর্শনী। ২৪ ঘণ্টায় মোট ৭২০ বার আলো ঝলমলে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি ভেসে উঠবে বলে তিনি জানান।

প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশ বিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ ব্যাপারে টাইমস স্কয়ারের বিলবোর্ডের টাইম ঘণ্টা চূড়ান্ত করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কী ধরনের গ্রাফিকস প্রদর্শন করা হবে তার একটি নমুনা বিলবোর্ড কর্তৃপক্ষকে পাঠিয়ে সেটার অনুমোদনও নেওয়া হয়েছে বলে ফাহিম ফিরোজ জানিয়েছেন।

তিনি আরো জানান, আগস্ট মাসে প্রতিদিন গড়ে সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষ এই টাইমস স্কয়ারে চলাচল করে। এ আয়োজনের মাধ্যমে শুধু বাংলাদেশিরা নয় বরং লাখো বিদেশি বঙ্গবন্ধুকে দেখবে এবং তাঁর সম্পর্কে ধারণা পাবে। সম্পূর্ণ অরাজনৈতিক চিন্তা এবং বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পুরোপুরি নিজস্ব উদ্যোগে এ কাজ করা হচ্ছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বাংলাদেশি মালিকানাধীন ড্রিম প্রোডাকশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১২ সালে। তারা যুক্তরাষ্ট্রে টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি তৈরিসহ বিল বোর্ডের গ্রাফিকস ডিজাইনের কাজ করে থাকে।

ড্রিম প্রোডাকশনের নির্বাহী পরিচালক ফাহিম ফিরোজ শেষে জানান, আমরা আশাবাদী, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রথমবারের মতো টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রদর্শনের দিন সবাই স্ব-পরিবারে টাইমস স্কয়ারে উপস্থিত থেকে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হবেন। আর দেশের মানুষ অনলাইনে ও গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাবেন।

এদিকে টাইমস স্কয়ারে বিলবোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভিত্তিক ছবি প্রদর্শনীর উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন