ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আমদানী শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানাসহ দুই চোরাকারবারি কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় র্যাব-৯ এর একটি দল শহরের দক্ষিণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে ভর্তি করা পোস্তা দানাসহ চোরাকারবারিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জের খিলপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের পুত্র মো. সোহেল (২৭) ও কিশোরগঞ্জ অষ্টগ্রামের আনোয়ারপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মো. মোহন (২৮)। রোববার র্যাব-৯’র গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)’র একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে ছাতকের দক্ষিণ বাগবাড়ি (বাংলাদেশ রেলওয়ের অফিসার্স রেস্ট হাউজের উত্তর পাশে) এলাকায় অভিযান চালায়। এসময় আমদানী শুল্ক ও কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় ৮৫০ কেজি পোস্তা দানা ও একটি পিকআপসহ দুইজন চোরাকারবারি মো. সোহেল ও মো. মোহনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ছাতক থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।
