তৈয়বুর রহমান, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর ভাঙ্গনরোধে গৃহীত প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে থেকে তিনি জেলার উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের ডানতীর ও বামতীরের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান প্রকল্প এলাকা পরিদর্শনকালে বলেন, কুড়িগ্রামে ৪টি প্রকল্পের আওতায় ৫৭ কিলোমিটারব্যাপী নদ-নদীর তীর সুরক্ষায় ব্যাপক কার্যক্রম নেয়া হচ্ছে। দেশের মধ্যে একমাত্র কুড়িগ্রাম জেলায় বর্তমান সরকার ৪টি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। যা অন্য কোন জেলায় নেই। এ তীর রক্ষা প্রকল্প ছাড়াও নদী তীরে বাঁধ নিমার্ণ করা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী নদীগুলোতে ড্রেজিং করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যপক বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো তাৎক্ষনিকভাবে মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে। জনগণের কষ্ট লাঘবে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান সচিব নাজমুল আহসান ।
তিনি আরো জানান, বামনী খালের শেষ মাথায় অনন্তপুর এলাকায় ৬ ভেন্টের একটি রেগুলেটর নির্মাণের জন্য যতদ্রুত সম্ভব জমি অধিগ্রহণ করা হবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গনরোধ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্প এলাকা পরিদর্শনে এস উপরোক্ত কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিকালে সচিব নাজমুল আহসান চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের বামতীর ও ডানতীর সুরক্ষা কাজ পরিদর্শন করেন। এসময় প্রকল্প এলাকার নদীর তীরে গাছের চারা রোপন করেন তিনি।
