স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ বদরুজ্জামান রিশাদ। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম পুরাতন সুইসগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দামালগ্রাম এলাকায় সরকারি বিধি-নিষেধ অমান্য করে বালু উত্তোলন চলছিল। অদ্য অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় দু’জনকে আটক করা হয়। তারা হলেন—রায়গঞ্জ এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ রুহুল আমীন (৫০), ও।মৃত ওমর আলীর পুত্র মোঃ আমজাদ হোসেন (৫২)। তাদের বিরুদ্ধে বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ ও ১৫(১) লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ, কৃষিজমি এবং এলাকাবাসীর জন্য মারাত্মক ক্ষতিকর। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”কারাদণ্ডপ্রাপ্ত দুইজনকে পরে নাগেশ্বরী থানা পুলিশ হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *