ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারী এসেই প্রথমে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাকে বরণ করে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে পাঠদানের পরিবেশ পর্যালোচনা করেন। তিনি শিক্ষার্থীদের পাঠ দক্ষতা, লেখাপড়ার অগ্রগতি ও ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি তাদের মনোযোগী হতে উৎসাহ দেন এবং শিক্ষকদের পাঠদান আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।
শ্রেণিকক্ষ পরিদর্শন শেষে ডিসি অন্নপূর্ণা দেবনাথ বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় শিক্ষা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।
